
ডেস্ক রিপোর্ট
অর্থনৈতিক চাপ, রপ্তানি সংকট ও বৈদেশিক মুদ্রার ঘাটতির মধ্যে ইউরোপীয় ইউনিয়নের দিকে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্রুত একটি মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) করার আহ্বান জানিয়েছেন।
ঢাকায় ইউরোপিয়ান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (ইউরোচ্যাম)-এর চেয়ারপার্সন নুরিয়া লোপেজ এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠকে এই প্রস্তাব উত্থাপন করেন ইউনুস। বৈঠকে বাংলাদেশ-ইইউ বাণিজ্য সম্পর্ক আরও গভীর করা এবং ইউরোপীয় বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশাধিকার সহজ করার বিষয়টি গুরুত্ব পায়।
সরকারি সূত্রে জানা গেছে, বর্তমানে রপ্তানি আয় কমে যাওয়া, ডলার সংকট এবং বৈদেশিক লেনদেনে চাপের মুখে রয়েছে বাংলাদেশ। এই বাস্তবতায় ইউরোপের মতো বড় বাজারে শুল্ক ও অশুল্ক বাধা কমাতে একটি FTA-কে সময়োপযোগী সমাধান হিসেবে দেখছে ইউনুস সরকার।
বিশ্লেষকদের মতে, ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ঐতিহাসিক FTA চূড়ান্ত হওয়ার পর ঢাকার এই উদ্যোগ নতুন মাত্রা পেয়েছে। তারা বলছেন, ভারত–ইইউ চুক্তি কার্যকর হলে দক্ষিণ এশিয়ার বাণিজ্য প্রতিযোগিতায় বাংলাদেশ পিছিয়ে পড়ার ঝুঁকিতে থাকবে। সেই আশঙ্কা থেকেই এখন ইউরোপের দরজায় কড়া নাড়ছে ঢাকা।
এক অর্থনীতিবিদ বলেন, “এটা শুধু কূটনৈতিক উদ্যোগ নয়, বরং অর্থনৈতিক বাঁচা–মরার প্রশ্ন। ইউরোপীয় বাজারে সুবিধা না পেলে আগামী দিনে বাংলাদেশের রপ্তানি আরও চাপে পড়তে পারে।”
তবে সমালোচকদের মতে, রাজনৈতিক স্থিতিশীলতা, শ্রম অধিকার ও সুশাসনের প্রশ্নে ইউরোপীয় ইউনিয়নের কড়া অবস্থানের কারণে দ্রুত FTA বাস্তবায়ন সহজ হবে না। তবুও ইউনুস সরকারের এই তৎপরতাকে তারা একটি চাপ সামাল দেওয়ার কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন।
সব মিলিয়ে, ভারতের অগ্রগতির ছায়ায় পড়ে ইউরোপমুখী কূটনৈতিক দৌড়ে নামল ইউনুস সরকার—এখন দেখার বিষয়, এই কড়া নাড়ার জবাবে ব্রাসেলস কতটা দরজা খুলে দেয়।